আওয়ামী লীগের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে চিরুনি অভিযানের দাবি সাদিক কায়েমের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৮: ০৮
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাদিক কায়েম। পাশেই দাঁড়ানো স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাদিক কায়েম। পাশেই দাঁড়ানো স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরুর দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ দাবি জানান।

ডাকসু ভিপি বলেন, ‘আমাদের ভাই ওসমান হাদির ওপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে হবে। গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সংশ্লিষ্ট সব অর্গানকে (সংস্থা) দ্রুত জবাবদিহির আওতায় আনতে হবে। যাদের গাফিলতি প্রমাণিত হবে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে।’

তিনি আরও বলেন, ‘যারা এই হামলাকে সমর্থন জুগিয়েছে এবং হাদি ভাই ও জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে, সেই “কালচারাল ফ্যাসিস্টদের” সামাজিকভাবে সম্পূর্ণ বয়কট করতে হবে। এসব ব্যবস্থা অনতিবিলম্বে দৃশ্যমান করতে হবে।’

সাদিক কায়েম বলেন, ‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ লীগের (আওয়ামী লীগ) বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সব সন্ত্রাসীকে গ্রেপ্তার এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এ বিষয়ে সরকারের অবহেলা আমরা আর সহ্য করব না।’

স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়েও দাবি জানান ছাত্রনেতা সাদিক। তিনি বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসেবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করতে হবে। গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। অভিযুক্তদের ফেরত না দেওয়া পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না।’

দাবি মানা না হলে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়ে ডাকসু ভিপি বলেন, ‘এই দাবি অনতিবিলম্বে না মানা হলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত