সারাদেশে কালবৈশাখীর শঙ্কা, হতে পারে শিলাবৃষ্টি
স্ট্রিম প্রতিবেদকঢাকা

সারাদেশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে দেশের সব বিভাগে বিচ্ছিন্নভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। ঝড়ের সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়েছে যে, এই কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত এবং দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
.png)






