গণ-অভ্যুত্থানের আলোকচিত্রীদের স্মৃতিচারণা, প্রদর্শনী
স্ট্রিম প্রতিবেদকঢাকা

‘জুলাই আলোকচিত্র: ইতিহাসের সাক্ষী ও লড়াইয়ের হাতিয়ার’ শিরোনামে স্মৃতিচারণা ও ভ্রাম্যমাণ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে পাঠাশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউট।
আজ সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে অনুষ্ঠান শুরু হয়।
নারী অধিকার কর্মী ও আলোকচিত্রী তাসলিমা আখতারের সঞ্চালনায় অনুষ্ঠান বক্তব্য দেন আলোকচিত্রী এবং মানবাধিকারকর্মী শহীদুল আলম। এ ছাড়া বক্তব্য দেন আলোকচিত্রী শফিকুল ইসলাম, সুমন কান্তি, কে এম আসাদ, আশরাফুল আলম, জীবন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে স্মৃতিচারণা শেষে ভ্রাম্যমাণ প্রদর্শনীটি যাত্রা শুরু করে। গত জুলাই-আগস্টের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে ঢাকার যে স্থানগুলো যুদ্ধক্ষেত্র পরিণত হয়েছিল, সেসব স্থানের বিভিন্ন ছবি প্রদর্শনীতে স্থান পায়।

ভ্রাম্যমাণ প্রদর্শনীটি আজ কেন্দ্রীয় শহীদ মিনার, টিএসসি, ফার্মগেট-মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে মিরপুর-১-এ গিয়ে শেষ হবে। আগামীকাল মোহাম্মদপুর বেড়িবাঁধ, যাত্রাবাড়ী, রামপুরা, হাতিরঝিলে ছবি প্রদর্শন করবে।
আয়োজকেরা জানায়, তরুণ-শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ১৫ বছর মতপ্রকাশের স্বাধীনতা-গণতন্ত্রের পক্ষে ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক লড়াই যেন এক সুতায় গেঁথে যায়। তুমুল সেই দিনগুলোতে প্রতিরোধ নতুন ভাষা পায় আলোকচিত্র, গ্রাফিতি, কার্টুনসহ নানা সাংস্কৃতিক তৎপরতায়। প্রদর্শনীটি গ্যালারির বাইরে জনগণের সঙ্গে জুলাই-আগস্টের দিনগুলো ফিরে দেখার প্রচেষ্টা।
.png)






