
দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ। এরই মধ্যে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের অন্তত তিনটি বিভাগে ভারী বৃষ্টি হতে পারে।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টিপাত হতে পারে।
সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এদিকে ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালী, রাঙ্গামাটি, বান্দরবান, লক্ষ্মীপুর ও ফেনীসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস; সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ২২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২৬ মিলিমিটার।
.png)






