টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত মা হাতি, চলছে চিকিৎসা
স্ট্রিম সংবাদদাতাকক্সবাজার

কক্সবাজারের টেকনাফে প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে একটি বন্য মা হাতি গুরুতর আহত হয়েছে। শনিবার (১১ জুলাই) বেলা ৩টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে হাতিটিকে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ ও প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসকরা। তবে উন্নত চিকিৎসার জন্য জেলার চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি চিকিৎসকদের একটি দল ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী।
বনবিভাগের টেকনাফ রেঞ্জের বন কর্মকর্তা আবদুর রশিদ জানান, বৃষ্টির কারণে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় হাতিটি পা পিছলিয়ে নিচে পড়ে যায়। এতে হাতিটির পেট কেটে গুরুতর আহত হয়। খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভেটেরিনারি চিকিৎসক হাতিটিকে চিকিৎসা দিচ্ছেন।
আহত হাতিটি দেখতে এসে ইউএনও এস এম অনীক চৌধুরী বলেন, উঁচু পাহাড় থেকে পড়ে মারাত্মকভাবে আহত হাতিটি মাটিতে শুয়ে আছে। সামান্য নড়াচড়া করতে পারছে। পেছনের দুটি পা নাড়াতে পারছে না। পেটেও আঘাত পেয়েছে।
ইউএনও জানান, হাতিটিকে অন্যত্র স্থানান্তর না করে ঘটনাস্থলেই চিকিৎসা দিয়ে সুস্থ করার চেষ্টা চলছে। সুস্থ হয়ে উঠলে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী হাতিটা আবার বনে অবমুক্ত বা প্রয়োজনে সাফারি পার্কে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।
.png)






