প্রজ্ঞা-আত্মার গোলটেবিল/এসডিজি অর্জনে বড় বাধা তামাকপণ্য
স্ট্রিম প্রতিবেদকঢাকা

দেশে মৃত্যুর প্রায় ৭১ শতাংশ ঘটে হৃদরোগ, স্ট্রোক, ক্যানসারের মতো অসংক্রামক রোগে, যার অন্যতম প্রধান কারণ তামাক ও নিকোটিন পণ্য। শক্তিশালী আইন এবং এর কঠোর বাস্তবায়ন ছাড়া অসংক্রামক রোগে অকাল মৃত্যু কমিয়ে আনার এসডিজি লক্ষ্য অর্জন কঠিন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা) ও অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা) আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন আলোচকরা।
তামাক নিয়ন্ত্রণ, এনসিডি ও এসডিজি: বাংলাদেশের অগ্রগতি ও করণীয়¬– শীর্ষক এই আয়োজনে জানানো হয়, দেশে তামাকজনিত রোগে বছরে প্রায় ২ লাখ মানুষের মৃত্যু হয়, যা এসডিজির স্বাস্থ্য বিষয়ক লক্ষ্য-৩ অর্জনে অন্যতম বাধা। দারিদ্র্য নির্মূল, খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি, মানসম্পন্ন শিক্ষা, লিঙ্গ সমতা, পরিবেশ, জলবায়ু ও জীববৈচিত্র্য সংরক্ষণসহ এসডিজির প্রায় সবগুলো লক্ষ্য অর্জনে অন্তরায় হিসেবে কাজ করছে তামাক।
আরও জানানো হয়, অতি সম্প্রতি সরকার তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করলেও ই-সিগারেট, ভেপিংসহ ইমার্জিং টোব্যাকো ও নিকোটিন পণ্য আইনের আওতার বাইরে রাখা হয়েছে। এটি উদ্বেগজনক। কারণ, স্বাস্থ্যক্ষতি বিবেচনায় বিশ্বের বহুদেশ এসব পণ্য নিষিদ্ধ করেছে।
এক্ষেত্রে সদ্য পাশ করা আইনের আওতায় প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং কোম্পানির হস্তক্ষেপ থেকে আইন সুরক্ষায় এফসিটিসির আর্টিকেল ৫.৩ দ্রুত বাস্তবায়নে তাগিদ জানান বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, ‘তামাক নিয়ন্ত্রণ শুধু স্বাস্থ্য খাতের বিষয় নয়; এটি দেশের উন্নয়ন, অর্থনীতি ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তামাক নিয়ন্ত্রণে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক অঙ্গীকার বাস্তবায়ন করা গেলে তা এসডিজি অর্জনের পথকে সুগম করবে।’
বাংলাদেশ ক্যানসার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক বলেন, ক্যানসার আক্রান্ত মানুষের কষ্ট তামাকের ভয়াবহ পরিণতি আমাদের চোখের সামনে তুলে ধরে। তামাকের ভয়াবহতা থেকে জনস্বাস্থ্য সুরক্ষায় এর নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম, ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমদ, আত্মার কনভেনর মর্তুজা হায়দার লিটন, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়েরসহ বিভিন্ন তামাকবিরোধী সংগঠনের প্রতিনিধিরা। আত্মার কো-কনভেনর নাদিরা কিরণের সঞ্চালনায় মূল উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞার হেড অব প্রোগ্রামস হাসান শাহরিয়ার।
.png)






