লালমনিরহাটে আসামির হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত
স্ট্রিম সংবাদদাতালালমনিরহাট

লালমনিরহাটের হাতীবান্ধায় গ্রেপ্তার অভিযানে গিয়ে আসামি ও তার সহকারীর হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তাদের মধ্যে থানার উপপরিদর্শককে (এসআই) রংপুর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৬ জুন) রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আসামি রাশেদুল ইসলাম গেন্দুকুড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে চুরিসহ একাধিক মামলা আছে।
পুলিশ জানায়, একটি চুরি ও মাদক মামলার গ্রেপ্তারি পরোওয়ানাভুক্ত আসামি রাশেদকে গ্রেপ্তার করতে গতকাল রাতে উপজেলার গেন্দুকুড়ি এলাকায় যান হাতীবান্ধা থানার এসআই রুহুল আমিন এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) লতিফ। এ সময় আসামি ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা চালায়।
এতে গুরুতর আহত এসআই রুহুল আমিনকে স্থানীয়দের সহায়তায় প্রথমে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে তাকে রমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক জানিয়েছে পুলিশ।
হাতীবান্ধা থানার ওসি রমজান আলী জানিয়েছেন, পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।
.png)






