খালেদা জিয়া সফল রাষ্ট্রনায়কের কালজয়ী দৃষ্টান্ত: স্পিকার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৬, ২১: ৪২
‘ছবির গল্প’ প্রকাশিত ‘দেশনেত্রী’ শীর্ষক বিশেষ বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠান। ছবি: সংগৃহীত
‘ছবির গল্প’ প্রকাশিত ‘দেশনেত্রী’ শীর্ষক বিশেষ বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কালজয়ী দৃষ্টান্ত হয়ে থাকবেন বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার (২২ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে খালেদা জিয়ার স্মরণে ‘ছবির গল্প’ প্রকাশিত ‘দেশনেত্রী’ শীর্ষক বিশেষ বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি।

স্পিকার বলেন, ‘দেশের গণতন্ত্রকে সুসংহত করতে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়া আজীবন নিবেদিতপ্রাণ। তিনি একজন সফল রাষ্ট্রনায়ক হয়ে ওঠার কালজয়ী দৃষ্টান্ত।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া আমার রাজনৈতিক অনুপ্রেরণা। তাঁর বিদায়ে কোটি মানুষের চোখের জল প্রমাণ করেছে তিনি প্রকৃত অর্থে জনমানুষের নেত্রী।’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন, ‘জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশের জন্ম হতো কিনা, তা নিয়ে সংশয় থেকে যায়।’

অনুষ্ঠানে চিফ হুইপ নূরুল ইসলাম মণি বলেন, ‘গণতন্ত্রের স্থায়ী রূপ দিতে খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছিলেন।’

প্রকাশিত ‘দেশনেত্রী’ বর্ষপঞ্জিতে আলোকচিত্রী খালেদ হোসেন পরাগের তোলা ছবিতে খালেদা জিয়ার জীবনের ১২টি বিশেষ দিক ফুটে উঠেছে। অনুষ্ঠানে ‘বাংলাদেশের প্রাণ তারেক রহমান’ শীর্ষক বিশেষ আলোকচিত্রের প্রদর্শনী হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব ও ছবির গল্পের উপদেষ্টা সম্পাদক আতিকুর রহমান রুমন, সমন্বয়ক সাদমান সাকিব, সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, হাবিবুর রহমান হাবিব, ড. আহমেদ মোস্তফা নোমান প্রমুখ। এছাড়া পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নূরুল হক নুর।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত