বেনজীরকে ফেরাতে সরকার ব্যর্থ বলল বিরোধীদল, অভিযোগ নাকচ মন্ত্রী-প্রতিমন্ত্রীর
স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরাতে সরকার ব্যর্থ বলে অভিযোগ করেছেন বিরোধীদলের সংসদ সদস্যরা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সংসদে কার্যপ্রণালি-বিধির ১৪৭ বিধিতে বেনজীর আহমেদকে নিয়ে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেমের আনা সাধারণ প্রস্তাবে তাঁর এই অভিযোগ করেন। তবে এই অভিযোগ নাকচ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সংসদে সাধারণ প্রস্তাব উপস্থাপন করে মীর আহমাদ বিন কাসেম বলেন, ‘মানবতাবিরোধী অপরাধ, গুম, অর্থপাচার ও দুর্নীতির মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদ ইন্টারপোলের রেড নোটিশে দুবাইয়ে গ্রেপ্তার হন। গত ১৪ জুন স্বরাষ্ট্রমন্ত্রী তাকে দ্রুত দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর তার জামিনে মুক্তি ও সেন্ট লুসিয়ায় যাওয়ার ঘটনা প্রত্যর্পণ প্রক্রিয়ার গুরুতর ব্যর্থতার পরিচায়ক।’
তিনি আরও বলেন, ‘ভুক্তভোগীরা অনেক প্রতিশ্রুতি শুনেছেন, তবে সরকার তাকে ফেরাতে সত্যি চেষ্টা করছে—এমন অনুভূতি তৈরি হয়নি। বেনজীর গ্রেপ্তার হওয়ার পরপরই স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা দুবাই গিয়ে বৈঠক করলে এবং আন্তর্জাতিক মানের ল ফার্ম নিয়োগ দিয়ে আইনি পদক্ষেপ নিলে সরকারের আন্তরিকতা প্রমাণিত হতো।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নিজে চিঠি দিয়ে বেনজীরকে ফেরত দেওয়ার আবেদন করতে পারতেন। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির সীমাবদ্ধতা থাকলে নতুন চুক্তি বা কার্যকর ব্যবস্থার উদ্যোগ নেওয়া যেত। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাকে ফেরানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত ছিল। সরকার চেষ্টা করে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দায়িত্বশীল মন্ত্রী সংসদে পদত্যাগ করলে ভুক্তভোগীরা অন্তত বুঝতেন যে আন্তরিক চেষ্টা হয়েছিল।’
প্রস্তাবের ওপর আলোচনায় রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেন, ‘বেনজীরকে ফেরাতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ কতটা সুচারুভাবে নেওয়া হয়েছে, তা সংসদে স্পষ্ট করা দরকার। একই সঙ্গে বিদেশে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অভিযুক্তদের ফেরাতে সরকারের পদক্ষেপ ও গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে।’
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মার্জিয়া বেগম বলেন, ‘বেনজীরের জামিন ও দেশত্যাগে প্রত্যর্পণ প্রক্রিয়ার ব্যর্থতা স্পষ্ট। তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে দেশ-বিদেশের অবৈধ সম্পদ জব্দসহ গুম-হত্যার বিচার নিশ্চিত করতে হবে।’
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি ও সংরক্ষিত সংসদ সদস্য ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, ‘২০২৫ সালে ইন্টারপোলের মাধ্যমে বেনজীরের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি এবং পরে সংযুক্ত আরব আমিরাতকে তা জানানো হয়। গ্রেপ্তারের পর নির্ধারিত সময়ে প্রত্যর্পণ প্রস্তাব পাঠানো হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন।’
বিরোধী দলের অভিযোগ নাকচ সরকারের
বেনজীর আহমেদকে ফিরিয়ে আনতে না পারা সরকারের ব্যর্থতা—বিরোধীদলের এমন অভিযোগ নাকচ করেছে সরকার।
সংসদে বিরোধীদলের বক্তব্যের পর বেনজীর আহমেদকে দেশের ইতিহাসের অন্যতম ‘সিরিয়াল কিলার’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেনজীর আহমেদের মতো কুখ্যাত লোক নিয়ে সংসদে দীর্ঘ আলোচনা দুর্ভাগ্যজনক। তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়। গত ১২ জুন ইন্টারপোলের আবুধাবি শাখা জানায়, বেনজীর সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছেন। আমিরাতের আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠানোর কথা থাকলেও বাংলাদেশ সরকার চারদিনের মাথায় তা পাঠায়। দুই দেশের সরাসরি বন্দি বিনিময় চুক্তি না থাকায় পারস্পরিক সহযোগিতার নীতিতে তাকে ফেরানোর চেষ্টা চলছে। আইনি লড়াইয়ের জন্য গত ৩০ জুলাই আমিরাতের “হামদান আল কাবি অ্যাডভোকেটস অ্যান্ড লিগ্যাল কনসালটেন্সি” নামের ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সব বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে দুবাই ছুটলেই হয় না, রাষ্ট্রীয় ও আইনি প্রক্রিয়া আছে। আমরা কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ চেষ্টা করছি। প্রবাসীরা যেন ক্ষতিগ্রস্ত না হন, সেদিকেও নজর রাখা হচ্ছে। গুম আইনে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড রাখা হয়েছে। আমাদের প্রতিশ্রুতি ছিল গুম শব্দটি মুছে ফেলা। কেবল বেনজীর নন, বিদেশে পলাতক সব অপরাধীকে দেশে ফিরিয়ে এনে বিচারে সরকার বদ্ধপরিকর।’
একই কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘বিরোধী দলের সংসদ সদস্যদের তথ্যে ঘাটতি আছে। গণমাধ্যমের খবরের ভিত্তিতে তারা বলেছেন বেনজীর সেন্ট লুসিয়া গেছেন। কিন্তু সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এ বিষয়ে অবগত নয়। অর্থাৎ তিনি সংযুক্ত আরব আমিরাতেই আছেন। আমাদের দূতাবাস তাদের সতর্ক করেছে এবং নজর রাখতে অনুরোধ জানিয়েছে। বিচারের দীর্ঘ হাত পালিয়ে যাওয়া প্রত্যেক সন্ত্রাসীকে ফিরিয়ে আনবে।’
.png)



-2269a6-256x144.webp)


