
ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাওয়া বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তার অভিযোগ উঠেছে। স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভেনিসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী পরিচয়ে হামলা-হেনস্তা করা হয়।
এই ঘটনার প্রতিকার চেয়ে ইতোমধ্যে স্থানীয় থানায় অভিযোগ করেছেন বাঁধন। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে বাঁধন অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন সমর্থনের কারণে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়দানকারী কয়েকজন নেতাকর্মী তাঁকে শারীরিকভাবে হেনস্তা করেন।
ফেসবুকে কয়েকটি ভিডি ক্লিপ দিয়েছেন বাঁধন। তাতে দেখা যায়, কয়েকজন ‘জুলাই জঙ্গি’ বলে বাঁধনের দিকে পানি ও পচা ডিম ছুড়ে মারছেন। হামলাকারীরা বাঁধনকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন এবং সেই দৃশ্য ভিডিও করেন। এ সময় তাঁকে গালাগাল ও শারীরিকভাবে হেনস্তাও করা হয়।
এই ঘটনা নিজের ফেসবুকে ছবিসহ দিয়ে লন্ডনপ্রবাসী সাংবাদিক জুলকারনায়েন সায়ের লিখেছেন, ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলায় সরাসরি জড়িত সবুজ টি-শার্ট পরিহিত ব্যক্তির নাম শিপলু মাহমুদ বিপ্লব। দুদিন আগে তাঁকে শেখ হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ছবি তুলতে দেখা যায়।
‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া বাঁধন বর্তমানে ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। বর্তমানে বাঁধন রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা নিয়ে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে পরিবারের সঙ্গে ইতালির মেস্ট্রে শহরে অবস্থান করছেন। ঘটনার পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
ফেসবুক লাইভে বাঁধন জানান, স্থানীয় একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তাঁর ওপর হামলা করেন। তাঁর মোবাইল ফোনও ছুড়ে ফেলা হয়। ঘটনার সময় তাঁর সঙ্গে ভাইয়ের শিশুসন্তানও ছিল।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বাঁধন বলেন, ‘আমি ভেনিস উৎসবে যে সিনেমাটি নিয়ে এসেছি, সেটির পরিচালক রুবাইয়াত হোসেনের বাবা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন। আমি তাঁর সঙ্গে জুলাই আন্দোলনের পরেও কাজ করছি। আপনাদের এই ধরনের অসংলগ্ন আচরণ থেকে বের হয়ে আসা উচিত ছিল। আপনারা এভাবে নিজেদের ফেরাতে পারবেন না।’
তিনি বলেন, ‘আমার গায়ে হাত তোলা হয়েছে। আমার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে। একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না। আপনারা আজ সারা বিশ্বের মানুষকে দেখালেন, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে হেনস্তা করা হলো।’
সজীব ওয়াজেদ জয়কে বিষয়টি জানানোর জন্য বাঁধন বলেন, ‘সজীব ওয়াজেদ জয়ও ভেনিসে আছেন। আশা করি, আপনারা তাঁর কাছে বিষয়টি পৌঁছে দেবেন।’
.png)




-78ae87-256x144.webp)

