
চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) ১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে (আইপিএসিসি) যোগ দিতে এ সফরে যান তিনি। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড ও মালয়েশীয় ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে কুয়ালালামপুরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনীর সেনাপ্রধানরা উপস্থিত থেকে মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় মতবিনিময় এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করবেন।
আইএসপিআর বলেছে—এই সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশগুলো এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। সফর শেষে আগামী ২৭ সেপ্টেম্বর সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।
.png)






