কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ১৩, আহত ৮৬

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

কিয়েভের ধসে পড়া আবাসিক ভবনে উদ্ধারকাজ চালাচ্ছেন এক অগ্নিনির্বাপক কর্মী। ছবি : রয়টার্স
কিয়েভের ধসে পড়া আবাসিক ভবনে উদ্ধারকাজ চালাচ্ছেন এক অগ্নিনির্বাপক কর্মী। ছবি : রয়টার্স

ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১৩ জন নিহত এবং আহত হয়েছেন ৮৬ জন।

হামলায় একটি বহুতল আবাসিক ভবনের একাংশ ধসে পড়েছে। একই সময়ে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বিভিন্ন অঞ্চলে অন্তত দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে চালানো হামলার পর কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ৯তলা আবাসিক ভবনের ছয়টি তলা ধসে পড়েছে। কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বলেন, আহতদের মধ্যে দুই শিশু রয়েছে। ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকা পড়ে আছেন বলেও জানান তিনি।

এদিকে হামলার আশঙ্কায় এদিন আয়ারল্যান্ড সফর সংক্ষিপ্ত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ হামলার সময় প্রায় পুরো ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। অনেক মানুষ শিশু, প্রয়োজনীয় সামগ্রী ও পোষা প্রাণী নিয়ে মেট্রো স্টেশনে আশ্রয় নেন।

হামলার পর পশ্চিমা মিত্রদের কাছে আবারও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছে ইউক্রেন। জাপান সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, ‘কিয়েভ ভয়াবহ একটি রাত পার করেছে। ইউক্রেনের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে সিদ্ধান্ত নিতে আর দেরি করা উচিত না।’

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইউক্রেনের সামরিক, জ্বালানি ও বিমানবন্দর–সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালানো হয়েছে। ক্রেমলিনের দাবি, রাশিয়ার বেসামরিক অবকাঠামোর ওপর ইউক্রেনের সাম্প্রতিক হামলার জবাব এটি।

ইউক্রেনের হামলায় রাশিয়ায় দুজন নিহত

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার নিজনি নভগোরোদ অঞ্চলে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলেও ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। আর সেন্ট পিটার্সবার্গে সাতটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ কর্তৃপক্ষ।

চার বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে রাশিয়া ও ইউক্রেন— উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে। তবে নিয়মিতই বেসামরিক হতাহতের ঘটনা ঘটছে।

সূত্র : রয়টার্স ও আলজাজিরা

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত