আইএইএ'র দাবি /পারমাণবিক অস্ত্র তৈরিতে সহায়ক গোপন চুল্লি বানিয়েছিলেন আসাদ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

সিরিয়ায় আসাদ আমলের পরমাণু অস্ত্র তৈরি সক্ষম গোপন চুল্লির খোঁজ পাওয়ার দাবি করেছে আইএইএ। ছবি: সংগৃহীত
সিরিয়ায় আসাদ আমলের পরমাণু অস্ত্র তৈরি সক্ষম গোপন চুল্লির খোঁজ পাওয়ার দাবি করেছে আইএইএ। ছবি: সংগৃহীত

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের সময়কার গোপন এক চুল্লিতে পারমাণবিক অস্ত্রের জন্য সহায়ক উপাদান তৈরির সক্ষমতা ছিল। এই দাবি করেছে জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি (আইএইএ)।

আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রসি সোমবার ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে বলেন, চুল্লিটিতে পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী বিভাজ্য পদার্থ উৎপাদন করা সম্ভব ছিল।

গ্রসির এই মন্তব্যের এক সপ্তাহ আগে আইএইএ এক প্রতিবেদনে জানিয়েছিল, আগস্টে সংস্থাটির একটি পরিদর্শক দল সিরিয়ার বেশ কয়েকটি স্থাপনা পরিদর্শন করে সেখানে যাচাই কার্যক্রম চালিয়েছে।

প্রতিনিধি দল সিরিয়ার দেইর-এজ-জর এবং কর্তৃপক্ষের দেওয়া অন্য একটি গোপন স্থান পরিদর্শন করে। আইএইএ’র বিশেষজ্ঞরা পর্যবেক্ষণ করে জানান, মাটির নিচ থেকে উন্মোচিত শীতলীকরণ অবকাঠামো একটি পরমাণু চুল্লির অবকাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

কথিত রয়েছে, আসাদ সরকারের সময় সিরিয়া একটি বিস্তৃত ও অঘোষিত পরমাণু কর্মসূচি পরিচালনা করেছিল। এর অংশ হিসেবে উত্তর কোরিয়ার সহায়তায় দেইর এজ-জরে একটি পরমাণু চুল্লি নির্মাণ করা হয়েছিল।

২০০৭ সালের সেপ্টেম্বরে ওই পারমাণবিক চুল্লিতে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। যা সিরিয়ার সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা এড়াতে প্রায় এক দশক ধরে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। তবে শেষ পর্যন্ত ২০১৮ সালে তারা আনুষ্ঠানিকভাবে ওই হামলার কথা স্বীকার করে।

পরে সিরিয়া স্থাপনাটি মাটির সঙ্গে সমান করে দেয়। তবে এ বিষয়ে আইএইএর করা প্রশ্নের পূর্ণাঙ্গ জবাব দেয়নি তৎকালীন সিরীয় কর্তৃপক্ষ।

২০২৪ সালের ডিসেম্বরে আসাদ সরকারের পতন ঘটে। সিরিয়ায় নতুন সরকার আসায় সন্দেহজনক পরমাণু কেন্দ্রটি পরিদর্শনের সুযোগ পায় আইএইএ।

রাফায়েল গ্রসি বলেন, এটি ‘স্পষ্ট যে আগের সরকার বেশ কিছু গোপন’ পারমাণবিক কার্যক্রম পরিচালনা করছিল।

তিনি আরও বলেন, ‘চুল্লির নকশা ও কারিগরি বৈশিষ্ট্য বিবেচনা করলে দেখা যায়, এটি এমন একটি পারমাণবিক চুল্লি যা অস্ত্র তৈরির উপযোগী ফিসাইল বা বিভাজনযোগ্য উপাদান উৎপাদনে অত্যন্ত কার্যকর।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত