আইআরজিসির শীর্ষ ৫ কমান্ডারের তথ্যে মিলবে ১ কোটি ডলার

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) পাঁচ জ্যেষ্ঠ কমান্ডারের তথ্য দিলে সর্বোচ্চ ১ কোটি ডলার পুরস্কারের ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এসব কর্মকর্তার পরিচয়, অবস্থান, কর্মকাণ্ড, নেটওয়ার্ক বা তাঁদের সহযোগীদের বিষয়ে তথ্য দিলে পুরস্কার পাওয়ার যাবে।

সোমবার (২৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। কর্মসূচিটি পরিচালনা করছে দেশটির কূটনৈতিক নিরাপত্তা বিভাগ।

আইআরজিসির এ পাঁচ কর্মকর্তারা হলেন— আইআরজিসির কমান্ডার আহমাদ ভাহিদি, খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের (কেসিএইচকিউ) প্রধান আলী আবদুল্লাহি, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের ড্রোন ইউনিটের কমান্ডার সাঈদ আগাজানি, সাইবার-ইলেকট্রনিক কমান্ডের প্রধান হামিদরেজা লাশগারিয়ান এবং আইআরজিসির গোয়েন্দা সংস্থার কমান্ডার মাজিদ খাদেমি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, শুধু ওই পাঁচ কর্মকর্তার বিষয়ে নয়, আইআরজিসির অন্য জ্যেষ্ঠ নেতা কিংবা সংশ্লিষ্ট কোনো শাখার কর্মকাণ্ড ও নেটওয়ার্ক সম্পর্কেও তথ্য দেওয়া যাবে। কার্যকর ফল বয়ে আনে এমন তথ্যের জন্য সর্বোচ্চ ১০ মিলিয়ন বা ১ কোটি ডলার পর্যন্ত পুরস্কার দেওয়া হতে পারে।

ওয়াশিংটন ২০১৯ সালে আইআরজিসিকে ‘ফরেন টেরোরিস্ট অর্গানাইজেশন’ হিসেবে তালিকাভুক্ত করে। দেশটির অভিযোগ, বাহিনীটি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সহযোগিতা করে এবং ইরানের বাইরে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা বা তাতে সহায়তা করে।

ইরানের সামরিক ও নিরাপত্তার ক্ষেত্রে আইআরজিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাহিনীটির বিভিন্ন শাখা দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা, গোয়েন্দা কার্যক্রম এবং সাইবার তৎপরতা পরিচালনা করে। আইআরজিসির কুদস ফোর্স মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র ও রাজনৈতিক-সামরিক গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক বজায় রাখে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত