বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় তুরস্কের ব্যবসায়ীরা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৬, ১৭: ২৮
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের বৈঠক। ছবি: সংগৃহীত

বাংলাদেশে তুর্কি বিনিয়োগকারীদের আগ্রহ ক্রমেই বাড়ছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন।

রোববার (১০ মে) সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি।

বৈঠকে বাংলাদেশে তুর্কি কোম্পানিগুলোর অংশগ্রহণ বাড়ানো এবং বিদ্যমান আগ্রহকে বিনিয়োগে রূপ দেওয়া নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত রামিস সেন বলেন, ‘অনেক তুর্কি বিনিয়োগকারী ইতিমধ্যে বাংলাদেশে বিনিয়োগে সম্ভাবনা যাচাই করছেন। দুই দেশের ব্যবসায়ীদের আরও ঘনিষ্ঠ যোগাযোগ প্রয়োজন।’ এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি খাতের পারস্পরিক সফর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি। রাষ্ট্রদূত তুরস্কের শিল্পাঞ্চল গাজিয়ানটেপ, ডেনিজলি ও ইজমিতের উদাহরণ টেনে টেক্সটাইলসহ বিভিন্ন খাতে সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করেন।

বৈঠকে বাংলাদেশে তুর্কি বিনিয়োগের সফল উদাহরণ হিসেবে কোচ হোল্ডিংয়ের সহযোগী প্রতিষ্ঠান ‘আইগ্যাস’ এবং সিঙ্গার বাংলাদেশে ‘আর্চেলিকের’ বিনিয়োগের কথা তুলে ধরা হয়। এছাড়া বর্তমানে আরও কয়েকটি বড় তুর্কি প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে বিডার সঙ্গে কাজ করছে বলে জানানো হয়।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘বাণিজ্য ও সরাসরি বৈদেশিক বিনিয়োগ—উভয় ক্ষেত্রেই তুরস্ক বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের অর্থনৈতিক কাঠামোর মিল বিবেচনায় দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ আরও বাড়ানো সম্ভব।’ তিনি জানান, সম্ভাবনাময় খাতে প্রচারণা চালাতে বিডার ‘তুরস্ক ডেস্ক’ এবং তুর্কি দূতাবাস যৌথভাবে কাজ করবে।

সর্বাধিক পঠিত

সম্পর্কিত