
২০২৫ সালে আয়ের চেয়ে ২৩ লাখ ৬২ হাজার ৭৯৫ টাকা বেশি ব্যয় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ২০২৫ সালে জামায়াতে ইসলামীর বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
হিসাব অনুযায়ী, ২০২৫ সালে দলটির আয় ২৩ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ১৩৯ টাকা। একই সময়ে দলটির ব্যয় ২৩ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৯৩৪ টাকা।
জমা দেওয়া আর্থিক প্রতিবেদনে জানা গেছে, বর্তমানে জামায়াতে ইসলামীর কাছে মোট ১৫ কোটি ৪৯ লাখ ৪৪ হাজার ৪২৮ টাকা গচ্ছিত রয়েছে। এর মধ্যে নগদ অর্থ হিসেবে রয়েছে ৭ কোটি ৫১ লাখ ১৩ হাজার ৬৫ টাকা এবং ব্যাংকে জমা রয়েছে ৭ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ৩৬৩ টাকা।
এর আগে ২০২৪ সাল শেষে আয়-ব্যয় সমন্বয়ের পর দলটির কাছে মোট ১৫ কোটি ৭৩ লাখ ৭ হাজার ২২৩ টাকা ছিল।
দলের আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্ট্রিমকে বলেন, ‘গত বছর আমরা বেশি কাজ করেছি, তাই ব্যয় বেশি হয়েছে।’
দলের অর্থের প্রধান উৎস সম্পর্কে তিনি জানান, নেতাকর্মীদের নিয়মিত চাঁদা ও দান-অনুদান, সুধী ও শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সাহায্য এবং দলের বিভিন্ন ধরনের প্রকাশনা বিক্রি থেকে এই আয় অর্জিত হয়। অন্যদিকে ব্যয়ের খাত নিয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘অফিস ব্যবস্থাপনায় বড় খরচ আছে। এ ছাড়া বিভিন্ন ধরনের মিটিং, সমাবেশ, বৈঠক, নেতাদের সফর এবং বড় আকারের জনসভাগুলোতে বড় অঙ্কের অর্থ ব্যয় হয়।’







