গ্যাসের দাম বাড়লে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির
স্ট্রিম প্রতিবেদকঢাকা

চলমান গ্যাস সংকট, জনদুর্ভোগ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মানববন্ধন করেছে। শনিবার (১ আগস্ট) ঢাকা মহানগর উত্তর এনসিপি রাজধানীর কাওরান বাজারে এই কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নেতাকর্মীরা পেট্রোবাংলার প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করেন।
এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়ররার্থী আরিফুল ইসলাম আদীব বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত না করে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলে জনগণ তা মেনে নেবে না। গ্যাসের দাম বৃদ্ধি করা হলে জাতীয় নাগরিক পার্টি পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
তিনি আরও বলেন, পেট্রোবাংলার পক্ষ থেকে জ্বালানি বিভাগে গ্যাসের দাম বাড়ানোর যে প্রস্তাব দেওয়া হয়েছে, সেই পাঁয়তারা বাস্তবায়নের চেষ্টা করা হলে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে পেট্রোবাংলা ভবন অবরোধ করা হবে। প্রয়োজনে পেট্রোবাংলা ভবন ঘেরাও করে কর্মকর্তাদের ভেতরে প্রবেশ বা বাইরে বের হতে দেওয়া হবে না।

এনসিপির ওপর বিএনপির সাম্প্রতিক হামলার প্রসঙ্গ টেনে আদীব বলেন, পুলিশ ছাত্রদলের সন্ত্রাসীদের সামনে হাতে চুড়ি পরে থাকে। আগে ছাত্রলীগের সন্ত্রাসীরা পুলিশের সঙ্গে মিলে বিরোধী দলের ওপর হামলা চালাত, এখন পুলিশের উপস্থিতিতে ছাত্রদলের সন্ত্রাসীরা ধারাবাহিকভাবে হামলা করছে। হামলা করে তারা জনবান্ধব কর্মসূচি থেকে এনসিপিকে দূরে রাখতে চায়। কিন্তু এনসিপি সব সময় জনগণের স্বার্থে, জনবান্ধব প্রতিটি ইস্যুতে রাজপথে ছিল, আছে এবং থাকবে।
কর্মসূচি শেষে জনগণের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। সমাবেশ সঞ্চালনা করেন এনসিপির ঢাকা মহানগর উত্তরের সহসাংগঠনিক সম্পাদক নুর আমিন খান।







