ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা নেই: অর্থমন্ত্রী
স্ট্রিম সংবাদদাতাচট্টগ্রাম

ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা নেই বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি এ-সংক্রান্ত পাইলট প্রকল্পে ভুলের হার মাত্র ১.২ শতাংশ বলে জানান।
রোববার (৩০ আগস্ট) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে এইচএসবিসি ও ব্র্যাকের যৌথ উদ্যোগে বন্যা-পরবর্তী পুনর্বাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে। এটি কোনো রাজনৈতিক বিবেচনায় বিতরণ করা হয়নি এবং ভবিষ্যতেও হবে না। পাইলট প্রজেক্টে মাত্র ১.২ শতাংশ ভুল পাওয়া গেছে, যা প্রমাণ করে সঠিক ব্যক্তিরাই সরকারি সুবিধা পাচ্ছেন।
সরকার, বেসরকারি খাত এবং এনজিওর পারস্পরিক অংশীদ্বারত্বের সুফল হিসেবে এই অর্জন সম্ভব হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, সরবরাহ পদ্ধতিতে বেসরকারি খাত এবং এনজিও রাখলে অপচয়-দুর্নীতি যেমন বন্ধ হয়ে যাবে, তেমনি ডেলিভারি এফিশিয়েন্ট হবে।
চট্টগ্রামে সাম্প্রতিক আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের টেকসই পুনর্বাসন ও ঘরবাড়ি পুনর্নির্মাণে ১০ কোটি টাকার বিশেষ মানবিক সহায়তা প্রকল্পের ঘোষণা দেয় এইচএসবিসি বাংলাদেশ।
অনুষ্ঠানে জানানো হয়, ক্ষতিগ্রস্তদের জীবনযাত্রা স্বাভাবিক করতে এই মানবিক সহায়তার আওতায় বসতবাড়ি পুনর্নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার, নিরাপদ খাবার পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত এবং জীবিকা পুনর্গঠনকে অগ্রাধিকার দেওয়া হবে।







