জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

আধিপত্যবাদ ও সন্ত্রাস-দুর্নীতির বিরুদ্ধে সোমবার এনসিপির ‘আজাদী যাত্রা’

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ২৩: ০০
এনসিপির লোগো। সংগৃহীত ছবি

আধিপত্যবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও লুটতরাজের বিরুদ্ধে এবং ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘আজাদী যাত্রা’র ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় দিনব্যাপী এই কর্মসূচি পালিত হবে।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এই কর্মসূচির কথা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৭, ৫২, ৭১, ৯০ ও ২৪-সহ এ ভূখণ্ডের মানুষের মুক্তির লড়াইয়ে আমাদের অগ্রজরা সার্বভৌমত্ব ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে আমাদের সহযোদ্ধা শরিফ ওসমান হাদি বিদেশি আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ে শহীদ হয়েছেন।

এতে আরও বলা হয়, আমরা এখনো আধিপত্যবাদ ও লুটতরাজের বিরুদ্ধে সংগ্রাম করছি। শহীদদের আকাঙ্ক্ষা পূরণ এবং রাষ্ট্র পুনর্গঠনে আধিপত্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠাই এই যাত্রার মূল উদ্দেশ্য।

আজাদী যাত্রার সময়সূচি
কর্মসূচি অনুযায়ী, ৫ জানুয়ারি ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হবে। এরপর সকাল ৭টায় শহিদ ওসমান হাদির কবর জিয়ারত এবং পৌনে ৮টায় রাজু ভাস্কর্যের পাদদেশে মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হবে।

সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘আজাদী পদযাত্রা’ চলবে। পদযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কর্মকর্তা ভবন, শিববাড়ী, কর্মচারী ভবন, কার্জন হল, জগন্নাথ হল, ফুলার রোড ও নীলক্ষেত হয়ে আজিমপুর এলাকা প্রদক্ষিণ করবে। ‘আমাদের এ লড়াই চলবে’ স্লোগানকে সামনে রেখে সর্বস্তরের মানুষকে এই যাত্রায় শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত