জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

কিছু আসনে ফলাফল টেম্পারিংয়ের চেষ্টা হচ্ছে: এনসিপি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩: ৩২
সংবাদ সম্মেলনে কথা বলছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছু আসনে ফলাফল পরিবর্তনের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শীর্ষ নেতাদের হারাতে পরিকল্পিতভাবে এই কারসাজি করা হচ্ছে বলে দাবি করেছে দলটি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ১১ দলীয় জোটের শীর্ষ প্রার্থীদের হারানোর উদ্দেশ্যে অসংলগ্ন ফলাফল ঘোষণা করা হচ্ছে।

আসিফ মাহমুদ বলেন, ‘ঢাকা-১৩ আসনে মিডিয়া ও কেন্দ্রের ফলাফলের সঙ্গে রিটার্নিং কর্মকর্তার ঘোষণার কোনো মিল নেই। একইভাবে ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের ভোট গণনার সময় বড় ব্যবধান থাকা সত্ত্বেও বিএনপির প্রার্থী নিজেকে বিজয়ী ঘোষণা করে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেছেন।’ তাঁর দাবি, এ ধরনের কর্মকাণ্ড প্রার্থীদের মানসিকভাবে দুর্বল করার কৌশল।

ঢাকা-১৬ ও ১৭ আসনের কথা উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, অনেক কেন্দ্রে ভোট গণনা শেষ হওয়ার আগেই বিজয় ঘোষণা করা হচ্ছে, যা অত্যন্ত হাস্যকর ও শিশুসুলভ। কুড়িগ্রাম-১ ও ২ আসনের প্রসঙ্গ টেনে তিনি জানান, সেখানে এনসিপির প্রার্থীকে বিজয়ী ঘোষণার পর বিএনপির নেতাকর্মীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে মব সৃষ্টি করে ফলাফল পরিবর্তনের দাবি জানিয়েছেন।

এনসিপির মুখপাত্র নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, এই অভিযোগগুলো স্পষ্টভাবে আমলে নিয়ে ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত যেন কোনো আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা না হয়। এনসিপি মনে করে, ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের আসনগুলোকে লক্ষ্য করে চালানো এই টেম্পারিং মোটেও কাকতালীয় নয়, বরং সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।

সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত