জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে রাবিতে ইসলামী ছাত্রীসংস্থার মানববন্ধন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ২১: ৪৮
নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রীসংস্থা রাবি শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের ঘটনাসহ দেশে ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিচার এবং ধর্ষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ইসলামী ছাত্রীসংস্থা রাবি শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী ছাত্রীরা ‘আমার বোন ধর্ষিতা কেন? প্রশাসন জবাব চাই’, ‘ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ধর্ষকের বিচার চাই’, এবং ‘নো মোর রেপ, রেইজ এগেইনস্ট রেপ’—এরকম বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান।

এ সময় শাখা ছাত্রীসংস্থার সভাপতি ও রাকসুর মহিলাবিষয়ক সম্পাদক সাইয়েদা হাফসা বলেন, ‘গাজীপুরে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করা হয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচার নিশ্চিত না হওয়ায় এমন ঘটনা বারবার ঘটছে। অপরাধী চিহ্নিত হওয়ার পরও তাকে বিচারের আওতায় না আনা প্রশাসনের ব্যর্থতা।’

ছাত্রীসংস্থার কর্মী ফাতেমাতুস সানিহা বলেন, ‘গত দশ মাসে দেশে প্রায় চার হাজারেরও বেশি ধর্ষণের মামলা হয়েছে, কিন্তু এর বেশিরভাগেরই সুষ্ঠু সমাধান হয়নি। গাজীপুরের ঘটনাটিও তার ব্যতিক্রম নয়। আমরা প্রতিটি ধর্ষণের দ্রুত ও যথাযথ বিচার দাবি করছি।’

মানববন্ধনে ছাত্রীসংস্থার বিভিন্ন স্তরের নেত্রী-কর্মীরা অংশ নেন। তাঁরা দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে একটি কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Ad 300x250

সম্পর্কিত