মুন্সীগঞ্জে চুরির অভিযোগে ২ যুবককে পিটিয়ে হত্যা
স্ট্রিম সংবাদদাতামুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জর লৌহজংয়ে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাতঘরিয়া এলাকায় তাদের ধরে মারধর করে স্থানীয়রা।
নিহতরা হলেন– লৌহজংয়ের হলদিয়া ইউনিয়নের গোয়ালিমান্দ্রা বেদে পল্লী এলাকার বাসিন্দা মো. সাগর (৩২) ও মো. সানারুল (৩৪)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাগর ও সানারুলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় ছাগল, মুরগিসহ বিভিন্ন জিনিসপত্র চুরির অভিযোগ রয়েছে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বিদ্যুতের তার ও মালপত্র চুরি করতেন তারা।
মঙ্গলবার রাত ২টার দিকে সাগর ও সানারুল সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকের বিদ্যুতের তার চুরি করে পালানোর চেষ্টা করলে, স্থানীয়রা ধরে ফেলে।
পরে তাদের গাছের সঙ্গে বেঁধে রাতভর মারধর করা হয়। খবর পেয়ে বুধবার সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে সাগর ও সানারুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লৌহজং থানার ওসি মনিরুল ইসলাম জানান, সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জেনেছি– নিহত দুজন পেশাদার চোর। তবে তাদের বিরুদ্ধে লৌহজং থানায় চুরির কোনো মামলা নেই। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)






