ছাত্রশক্তি নেতা সিয়ামকে হুমকির অভিযোগ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) আবু তৌহিদ মুহাম্মদ সিয়াম। ছবি: সংগৃহীত

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার সাবেক সমন্বয়ক আবু তৌহিদ মো. সিয়ামকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ নাঈম।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফোনালাপের অডিও রেকর্ড অনুযায়ী, ঢাবি ছাত্রলীগ নেতা নাঈম জাবি ছাত্রশক্তি নেতা সিয়ামের বর্তমান অবস্থান ও বাসা পর্যবেক্ষণ বা ‘রেকি’ করা হয়েছে দাবি করে তাঁকে দ্রুত বাসা পরিবর্তন করতে বলেন। ফোনালাপে নাঈমকে বলতে শোনা যায়, ‘তোমার ওপরে তো অনেক রিস্ক। তোমরা যখন অনেক বোল্ড স্টেটমেন্ট নাও, তখন রিস্কগুলো ধীরে ধীরে বাড়তে থাকে। একদম সব রেকি করা শেষ আরকি পোলাপানের, বাসা চেঞ্জ করে ফেলো।’

সিয়াম তখন জুলাই আন্দোলনের স্মৃতি মনে করিয়ে দিয়ে বলেন, ‘রিস্ক আর কী, জুলাইয়ে মরেই যেতাম।’ জবাবে নাঈম বলেন, ‘ছাত্রলীগের তো এখন বুক-পিঠ নেই। আমরা যারা ছাত্রলীগ করি, আমাদের সহ্যক্ষমতা এমন একটা লেভেলে যে কেউ যেকোনো ক্ষতি করে বসতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। ওই ভাড়া বাসাটা পারলে চেঞ্জ করে ফেলো, ভালোর জন্যই বলছি।’

হুমকির বিষয়ে আবু তৌহিদ মো. সিয়াম স্ট্রিমকে বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি আমার পূর্বপরিচিত। তবে সে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকে আমাদের মধ্যে আর তেমন যোগাযোগ ছিল না। গতকাল কয়েকবার মেসেঞ্জারে ফোন দেওয়ার পর আমি রিসিভ করি। সে আমার ছাত্রলীগবিরোধী অবস্থানের কথা উল্লেখ করে আমাকে হুমকি দেয় এবং বাসা পরিবর্তন করতে বলে।’

সিয়াম আরও বলেন, ‘এসব নিয়ে আমি মোটেও বিচলিত নই। পলাতক ছাত্রলীগ এর চেয়ে বেশি কিছু করতে পারবে না। তবে এ ধরনের ঘটনার মূল কারণ হলো ক্যাম্পাস ও রাষ্ট্রীয় পর্যায়ে তাদের বিচার না হওয়া। নিষিদ্ধ হওয়ার পরও ছাত্রলীগকে যথেষ্ট স্পেস দেওয়া হচ্ছে।’

আইনি ব্যবস্থার বিষয়ে জানতে চাওয়া হলে সিয়াম বলেন, ‘আমি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার সিদ্ধান্ত নিয়েছি। তারা আমাদের মধ্যে ভয় সৃষ্টি করতে চায়, কিন্তু তা কোনোভাবেই সম্ভব নয়। জুলাই আন্দোলনে যারা সক্রিয় ছিল, তারা এর চেয়েও কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। তাই আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত