
মাদারীপুর শহরের চরমুগুরিয়া এলাকায় টিসিবির পণ্য রাখার জন্য ভাড়া করা একটি গুদামে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। এতে গুদামে থাকা বিপুল পরিমাণ ভোজ্যতেল, ডাল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পুড়েছে।
বুধবার (১৭ জুন) গভীর রাতে পৌর শহরের চরমুগুরিয়া পাটগুদাম সংলগ্ন মেসার্স মোল্লা ট্রেডার্স নামের গুদামটিতে এ অগ্নিকাণ্ড ঘটে। গুদামে মাদারীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের টিসিবি ডিলার ইসমাইল মোল্লা পণ্য রাখতেন।
আগুনে কমপক্ষে ১০ লাখ টাকার সরকারি পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করতে পারেনি ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া সাবাব। এ সময় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার গভীর রাতে গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজন এগিয়ে যান। তবে আগুন দ্রুত পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন মাদারীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা।
আগুনে গুদামে থাকা বোতল গলে সয়াবিন তেল চারদিকে ছড়িয়ে পড়ে। স্তূপ করে রাখা শত শত বস্তা ডাল, চিনিসহ অন্যান্য পণ্যও পুড়ে গেছে। তবে এ সময় পাশে থাকা পাটের গুদামটি আগুনের কবল থেকে রক্ষা পেয়েছে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইউএনও ওয়াদিয়া সাবাব বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে ও ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
.png)






