জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলতে আইসিসির চিঠির অপেক্ষায় বিসিবি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ২২: ১৮
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

নিরাপত্তার কারণে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে চায় না বাংলাদেশ। সহ-আয়োজক শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার প্রস্তাব দিলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আনুষ্ঠানিক সাড়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (১০ জানুয়ারি) রাতে সিলেটে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এ তথ্য জানান। তিনি বলেন, ভেন্যু পরিবর্তনের যৌক্তিকতা তুলে ধরে আইসিসিকে নথিপত্র পাঠানো হয়েছে। দুবাইয়ে সদর দপ্তর বন্ধ থাকায় সোম বা মঙ্গলবারের মধ্যে আনুষ্ঠানিক জবাব মিলতে পারে।

ভারতের হায়দ্রাবাদ বা চেন্নাইয়ে খেলার গুঞ্জন নাকচ করে বুলবুল বলেন, ‘ভারতের অন্য ভেন্যু তো ভারতই। আইসিসি পেশাদার সংস্থা হিসেবে অফিশিয়াল চ্যানেলেই যোগাযোগ করবে।’ তিনি স্পষ্ট করেন, ভারতে দল পাঠানোর সিদ্ধান্ত কেবল বোর্ডের নয়। দেশের স্বার্থ ও নিরাপত্তা বিবেচনায় সরকারের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আইসিসি রাজি না হলে বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেবে কি না—এমন প্রশ্নে তিনি জানান, আইসিসির চিঠি না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

উল্লেখ্য, আইপিএলে কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে সরানোর বিসিসিআইয়ের নির্দেশের পর থেকেই দুই দেশের ক্রিকেটে উত্তেজনা চলছে। এশিয়া কাপে পাকিস্তানের ‘হাইব্রিড মডেলের’ আদলে বাংলাদেশও এবার ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলতে চায়। এখন আইসিসির সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত