
স্বামী তৌফিক নাওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন কারাবন্দি সাবেক মন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার সকাল সোয়া ৬টায় তিনি মুন্সীগঞ্জ কারাগার থেকে বের হন।
কারাগার থেকে ভ্যানে করে পুলিশি পাহারায় দীপু মনিকে ঢাকায় নিয়ে আসা হয়।
সাবেক এই মন্ত্রী সকাল ৮টা ২০ মিনিটে তাঁদের কলাবাগানের বাসায় পৌঁছান। তিনি এখন সেখানেই আছেন।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, ‘আমরা চার দিনের প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছিলাম। জেলা প্রশাসক ১২ ঘণ্টার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেছেন। ২০ আগস্ট সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই মুক্তি কার্যকর থাকবে।’
দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নাওয়াজ (৭৬) মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে মারা যান।
দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তৌফিক নাওয়াজ। তিনি কিডনি ও লিভারের নানা জটিলতাও ভুগছিলেন। ২০১৯ সালে তিনি স্ট্রোক করেন।
বিষয়:
দীপু মনি.png)






