
ভারত দেশ থেকে গবাদি পশুর প্রবেশ ঠেকাতে বিজিবিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রোববার (১৭ মে) সন্ধ্যায় বগুড়া শহরের জয়পুরপাড়ায় নবনির্মিত আধুনিক জেলা কসাইখানার উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
টুকু বলেন, 'কোরবানির ঈদ উপলক্ষে দেশে পর্যাপ্ত পশু মজুত আছে। চাহিদার তুলনায় প্রায় ২৩ লাখ গবাদি পশু বাড়তি রয়েছে।'
এর আগে বিকেলে শহরের মম ইন কনভেনশন সেন্টারে 'টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন: আধুনিক খামার ব্যবস্থাপনা, বাজার সংযোগ ও ভ্যালু চেইন' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং মৎস্য ও প্রাণিসম্পদ সচিব দেলোয়ার হোসেন।
কসাইখানা উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত কসাইখানা ৫০ শতাংশ জমির ওপর গড়ে তোলা হয়েছে। সেখানে প্রতি ঘণ্টায় ১৫টি গরু এবং ৩০টি ছাগল বা ভেড়া জবাই ও প্রস্তুত করা যাবে।
.png)






