
নরসিংদীর মনোহরদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুরা মামাতো-ফুফাত বলে জানিয়েছেন মনোহরদা থানার ওসি জাহাঙ্গীর বাদশা।
শিশুরা হল ময়মনসিংহের গফরগাঁও থানা এলাকার সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা (৮), তুহিন মিয়ার মেয়ে আয়েশা ওরফে আশামনি (১২) ও মুফাচ্ছের মিয়ার মেয়ে সুমাইয়া (১৩)। তাদের মধ্যে ফাতেমা ও আশামনি মনোহরদীর চর আহমদপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলের ও মেয়ের ঘরের নাতনি। এছাড়া সুমাইয়া তাঁর ছোট ভাইয়ের মেয়ে। তাদের মধ্যে দুজন স্থানীয় কওমি মাদ্রাসার চতুর্থ শ্রেণির ও অপরজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে শিশুরা বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। দীর্ঘ সময় পরও তাদের পুকুরে না দেখে আরেক শিশু বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে স্বজন ও স্থানীয় লোকজন পুকুরে নেমে শিশুদের উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু বিষয়টি নিশ্চিত হন স্বজনেরা।
মনোহরদী থানা ওসি জাহাঙ্গীর বলেন, এক সঙ্গে একইবাড়ির তিন শিশুর মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ঘটনা । এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)






