
খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নড়াইলের কালিয়ার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) রাতে দিঘলিয়ার আমবাড়ীয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালিয়ার উথলী গ্রামের শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), তাঁর শ্যালিকা রুবিয়া (২০) ও ২২ মাস বয়সী কন্যাশিশু মাইমুনা। মোটরসাইকেলচালক শেখ শিহাব প্রাণে বেঁচে গেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, খুলনা থেকে মোটরসাইকেলে তিনজনকে নিয়ে কালিয়া যাচ্ছিলেন শেখ শিহাব। পথে আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ দুই নারী নিহত হন।
দিঘলিয়া থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।
.png)






