
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মাছ বাজারে ৯১ হাজার ৫০০ টাকায় দুটি বড় কাতল মাছ বিক্রি হয়েছে। পদ্মা-যমুনার মোহনায় ধরা পড়া মাছ দুটির একটির ওজন সাড়ে ২৮ কেজি এবং অন্যটি ১৮ কেজি।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মণ্ডল ও আনু খাঁর আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছ দুটি বিক্রি হয়। ৫ নম্বর ফেরিঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাজাহান শেখ মাছ দুটি কিনে নেন।
নিলামে সাড়ে ২৮ কেজি ওজনের কাতলটি ২ হাজার ২০০ টাকা কেজি দরে ৬২ হাজার ৭০০ টাকায় এবং ১৮ কেজিরটি ১ হাজার ৬০০ টাকা দরে ২৮ হাজার ৮০০ টাকায় বিক্রি করা হয়।
জানা যায়, শুক্রবার শেষ রাতে জেলে এরশাদ হালদার ও জীবন হালদার সহযোগীদের নিয়ে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলে মাছ দুটি ধরেন। বিশাল আকৃতির মাছ দুটি দেখতে বাজারে ভিড় করেন স্থানীয় উৎসুক জনতা।
শাজাহান শেখ বলেন, পদ্মার মাছ সুস্বাদু হওয়ায় এর চাহিদা অনেক। মাছ দুটি আরও লাভে বিক্রির জন্য দেশের বিভিন্ন প্রান্তের বড় ব্যবসায়ীদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করছেন তিনি। পদ্মার বড় মাছ সাধারণত দ্রুতই বিক্রি হয়ে যায় বলে জানান এই ব্যবসায়ী।
.png)






