নানাবাড়িতে বেড়াতে এসে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশু সুমাইয়ার
স্ট্রিম প্রতিবেদকঢাকা

রাজধানীর কদমতলীর রায়েরবাগ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সুমাইয়া নুর তাকওয়া (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৭ মে) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুমাইয়া নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলী নতুন আইলপাড়া এলাকার মোহাম্মদ নুর আলম খানের মেয়ে। সে স্থানীয় মারজিয়া স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তিন বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবারই নারায়ণগঞ্জ থেকে রায়েরবাগে নানার বাসায় বেড়াতে এসেছিল সুমাইয়া। সন্ধ্যায় নানির হাত ধরে রাস্তায় হাঁটার সময় একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
নিহতের খালা তানজিলা আক্তার জানান, দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
.png)






