ইন্দোনেশিয়া থেকে ২ কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার
স্ট্রিম প্রতিবেদকঢাকা

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ইন্দোনেশিয়া থেকে ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ২৮২ কোটি টাকার বেশি।
আজ বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে টিসিবি এই ক্রয় কার্যক্রম বাস্তবায়ন করবে।
বৈঠক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এই তেল কেনা হবে। দরপত্র প্রক্রিয়ায় মোট দুটি প্রস্তাব জমা পড়েছিল। এর মধ্যে একটি প্রস্তাব কারিগরি ও আর্থিকভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়। টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির (টিইসি) সুপারিশ অনুযায়ী একমাত্র গ্রহণযোগ্য দরদাতা হিসেবে ইন্দোনেশিয়াভিত্তিক প্রতিষ্ঠান ‘পিটি ট্রিনিটি ছায়া এনার্জি’ থেকে এই তেল সংগ্রহের সিদ্ধান্ত হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রতি লিটার ১.১৫১ মার্কিন ডলারে সয়াবিন তেল সরবরাহ করবে। মোট ২ কোটি লিটার তেলের জন্য ব্যয় হবে ২ কোটি ৩০ লাখ ২০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮২ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকা। টিসিবির হিসাব অনুযায়ী, পরিবহন ও অন্যান্য ব্যয় যুক্ত করে প্রতি লিটার তেলের খরচ পড়বে ১৭৮ টাকা ৫৬ পয়সা। এটি স্থানীয় বাজারের গড় মূল্য ১৯৫ টাকার তুলনায় লিটারে প্রায় ১৬ টাকা ৪৪ পয়সা কম।
চলতি ২০২৫-২৬ অর্থবছরে ভোজ্যতেল কেনার মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৩ কোটি লিটার। এর মধ্যে ইতিমধ্যে ১২ কোটি ১৬ লাখ ৭৯ হাজার ৩৪ লিটার তেল কেনা সম্পন্ন হয়েছে।
.png)






