বন্ধ পাটকল চালু করবে সরকার: পাট প্রতিমন্ত্রী

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১৮: ২০
বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের প্রতিনিধিদলের সঙ্গে পাট প্রতিমন্ত্রীর  সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের প্রতিনিধিদলের সঙ্গে পাট প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম জানিয়েছেন, বন্ধ পাটকলগুলো প্রধানমন্ত্রীর নির্দেশে পুনরায় চালুর কাজ শুরু করেছে সরকার। তিনি জানিয়েছেন, ২০টি পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় লিজ দেওয়ার প্রক্রিয়া চলছে এবং ইতিমধ্যে ১৪টির লিজ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত সরকারের আমলে এই খাতে যথাযথ মনোযোগ দেওয়া হয়নি। আমরা আপনাদের যৌক্তিক ও বাস্তবায়নযোগ্য দাবি বিবেচনা করছি এবং তা পূরণে দ্রুত কাজ করব।’

এ সময় জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমান রাষ্ট্রীয়ভাবে ‘পাইলটিং’ পদ্ধতিতে বন্ধ পাটকলগুলো চালুর দাবি জানান।

বৈঠকে সংগঠনের সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা শ্রমিকদের পক্ষ থেকে আট (৮) দফা লিখিত দাবি পেশ করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পাটকলগুলো পুনরায় সচল করা, পলিথিনের কাঁচামাল আমদানি ও ব্যবহার নিষিদ্ধ করা, পাটকে কৃষি শিল্প হিসেবে সকল শিল্প সুবিধা প্রদান করা, শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ এবং মিলের মূল্যবান যন্ত্রপাতি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

প্রতিমন্ত্রী শ্রমিক নেতাদের কথা ধৈর্যসহকারে শোনেন এবং পর্যায়ক্রমে সমস্যা সমাধানের আশ্বাস দেন। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং পাট শ্রমিক দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত