
ভারতকে আগ্রাসনের মানসিকতা থেকে দূরে থাকতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, আমাদের দেশের মানুষকে যেন কোনো ধরনের আগ্রাসনের শিকার না হয়, সেজন্য আমরা আরও বেশি সজাগ থাকব।
মঙ্গলবার ২৫ (আগস্ট) দুপুরে ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন পানিসম্পদ মন্ত্রী এ্যানি। তিনি বলেন, ‘ভারতকেও চিন্তা করতে হবে, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, বন্ধু দেশ। বন্ধুত্বের সম্পর্কটা কতটুকু ইতিবাচক হওয়া উচিত, এই চিন্তাটা তাদের থাকা উচিত না। ভারত এই ব্যাপারে সর্বোচ্চ সজাগ থাকবেন এবং প্রতিবেশীয় দেশের সঙ্গে একটা ভালো সম্পর্ক বজায় রাখবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশবাসীও সজাগ রয়েছি।’
এর আগে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্প এলাকা পরিদর্শনে করেন পানিসম্পদ মন্ত্রী। তিনি বলেন, দুর্নীতির দীর্ঘদিনের একটি প্রচলন ছিল। এই ব্যাপারে আমরা খুব সজাগ এবং সতর্ক আছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই চ্যালেঞ্জ হাতে নিয়েছি।
পানিসম্পদ মন্ত্রীর পরিদর্শনের সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য (এমপি) রফিকুল আলম মজনু, সংরক্ষিত এমপি রেহানা আক্তার রানু, জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা পরিষদের প্রশাসক এম এ খালেক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লবসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
.png)






