জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়লেন যুবদল নেতা

রাজবাড়ীর একটি ইউনিয়ন যুবদল নেতা মো. তাজুল ইসলাম কারাগারে থাকা অবস্থায় তাঁর বাবা গতকাল রোববার রাতে মারা যান। প্যারোলে মুক্তি পেয়ে আজ সোমবার বাবার জানাজা পড়েন তিনি। পরে তাঁকে আবার জেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ।

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজবাড়ী

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১৮: ৪৪
রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নেন যুবদল নেতা তাজুল ইসলাম। স্ট্রিম ছবি

রাজবাড়ীতে অস্ত্র মামলায় কারাগারে থাকা ইউনিয়ন যুবদল নেতা মো. তাজুল ইসলাম প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। তাঁর বাবা মোমিন পাটুয়ারী গতকাল রোববার (২৩ নভেম্বর) রাতে মারা যান। আজ সোমবার (২৪ নভেম্বর) বিকেলে নিজ বাড়িতে বাবার জানাজা পড়েন তিনি। জানাজা শেষে তাঁকে আবার জেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে সদর থানা-পুলিশ।

মো. তাজুল ইসলাম রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের দত্তপাড়া এলাকার বাসিন্দা। তিনি উপজেলার খানখানাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।

গ্রেপ্তারকৃত খানখানাপুর ইউনিয়ন যুবদল নেতা মো. তাজুল ইসলাম। স্ট্রিম ছবি
গ্রেপ্তারকৃত খানখানাপুর ইউনিয়ন যুবদল নেতা মো. তাজুল ইসলাম। স্ট্রিম ছবি

যুবদল নেতার প্যারোলে মুক্তির বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমান জানান, তাজুল ইসলাম অস্ত্র মামলায় কারাগারে থাকা অবস্থায় গতকাল রোববার রাতে তাঁর বাবার মৃত্যু হয়। পরিবারের আবেদনের ভিত্তিতে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের অনুমতিক্রমে পুলিশ পাহারায় তাঁর বাবার জানাজায় নিতে দেওয়া হয়। পরে তাঁকে আবার জেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে ৯ নভেম্বর রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এবং খানখানাপুর দত্তপাড়া গ্রামে অভিযান চালিয়ে মো. তাজুল ইসলাম ও মো. আকাশ মোল্লা নামের দুজনকে আটক করে যৌথবাহিনী। পরে তাঁদের দেওয়া তথ্যে একটি দেশীয় পিস্তল, এর ২ রাউন্ড বুলেট, ৬ রাউন্ড ওয়ান শুটারগানের গুলি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে দুজনের বিরুদ্ধে অস্ত্র মামলা করে আদালতে উপস্থাপন করা হলে তাঁদের কারাগারে পাঠান বিচারক।

Ad 300x250

সম্পর্কিত