
দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি পাঁচ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে ডিজেলের দাম আগের মতোই থাকছে।
রোববার (৩১ মে) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
নতুন এই মূল্য সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে।
নতুন মূল্য অনুযায়ী, অকটেনের দাম লিটারপ্রতি ১৪০ থেকে বাড়িয়ে ১৪৫ টাকা, পেট্রলের দাম ১৩৫ থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ডিজেলের দাম আগের মতোই লিটারপ্রতি ১১৫ টাকা রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও হ্রাসের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।'
এর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ সংকট ও দাম বৃদ্ধি পাওয়ায় গত এপ্রিলের মাঝামাঝি দেশে দাম বাড়ানো হয়।
.png)






