সড়কে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া ঠিকাদারের
স্ট্রিম সংবাদদাতাব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি সড়কে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করেছেন ঠিকাদার ও তাঁর লোকজনের বিরুদ্ধে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে এর একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এদিকে ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী মির্জা মো. তরিকুল ইসলাম।
ভুক্তভোগী প্রকৌশলী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলজিইডির তত্ত্বাবধানে উপজেলার শিবপুর থেকে মেরকুটা পর্যন্ত একটি সড়কের রিটেইনিং ওয়াল (ধস ও ক্ষয় রোধে দেয়াল) নির্মাণকাজ চলছে। কাজটি করছে মেসার্স লোকমান এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তোলেন স্থানীয় লোকজন।
এদিকে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে কাজের মান তদারকিতে গিয়ে এর সত্যতা পান উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম। এ নিয়ে প্রশ্ন তোলায় ঠিকাদার লোকমান হোসেনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করেন ঠিকাদার ও তাঁর লোকজন।
প্রকৌশলী তরিকুল ইসলাম বলেন, ‘কাজের মান নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে ঠিকাদার ও তাঁর লোকজন আমাকে মারার জন্য তাড়া করেন। আমি কোনোরকম দৌড়ে রক্ষা পাই।’
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ঠিকাদার লোকমান হোসেনের মোবাইল ফোন একাধিকবার কল করেও বন্ধ পাওয়া গেছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ভুক্তভোগী প্রকৌশলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত লোকমান হোসেনকে আটকের চেষ্টা চলছে।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
.png)






