গোপালগঞ্জে হামলার শিকার শিবিরের ৩ নেতা, মোটরসাইকেলে আগুন
স্ট্রিম সংবাদদাতাগোপালগঞ্জ
-b21b01-480x270.webp)
গোপালগঞ্জে ছাত্রশিবিরের তিন নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাদের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় । মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার খেলনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মাদ্রাসা বিষয়ক সম্পাদক ইসমাইল-ইলাহী, গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি ফোরকান খান এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখার সভাপতি সাইফুল্লাহ বিন হাবিব।
গোপালগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম স্থানীয়দের বরাতে জানান, মঙ্গলবার বিকেলে ওই তিনজন খেলনা এলাকার পদ্ম বিলে ঘুরতে যান। ফেরার পথে খেলনা বাজার এলাকায় কয়েকজন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাদের ওপর হামলা চালায়। মারধরের পাশাপাশি তাদের মোটরসাইকেলে আগুনও দেয় দলটি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই তাদের ঢাকায় পাঠানো হয়।
এদিকে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতা সামাজিক মাধ্যমে মোটরসাইকেল পোড়ানোর একটি ভিডিও পোস্ট করলে ভাইরাল হয়। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলাকারীরা নিষিদ্ধ সংগঠনের হতে পারে।
ওসি আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
.png)






