জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

নতুন মন্ত্রিসভার শপথ আজ: প্রস্তুত ৪৭ গাড়ি ও চালক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১: ৪৭
সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে প্রস্তুত রাখা গাড়ি। স্ট্রিম ছবি।

সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য ৪৭টি গাড়ি ও চালককে প্রস্তুত রাখা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সরকারি পরিবহন পুল থেকে এসব গাড়ি এখানে আনা হয়।

সরকারি যানবাহন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, কতটি গাড়ি প্রয়োজন হবে—সে বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট নির্দেশনা আসেনি। তবে সম্ভাব্য চাহিদা মেটাতে তাঁরা ৪৭টি গাড়ি ও চালককে স্ট্যান্ডবাই রেখেছেন। নির্দেশনা পাওয়ামাত্রই নতুন মন্ত্রীদের জন্য গাড়িগুলো পাঠানো হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সকালে সংসদ সদস্যদের শপথের পর গাড়ি বরাদ্দ দেওয়ার চূড়ান্ত নির্দেশনা আসবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিবহন পুলে মোট ৬৮টি গাড়ি রয়েছে, যার মধ্যে ৪৮টি গাড়ি সচিবালয়ে আনা হয়েছে। এর মধ্যে ৪৭টি গাড়ি ব্যবহৃত হতে পারে। যান্ত্রিক ত্রুটির কথা মাথায় রেখে চার-পাঁচটি গাড়ি অতিরিক্ত রাখা হয়েছে। বহরে থাকা গাড়ির মধ্যে বেশিরভাগই ‘টয়োটা ক্যামরি’ এবং কিছু ‘মিটসুবিশি ল্যান্সার’ মডেলের।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, আজ মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। এজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি জোট। নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টি আসনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি জোট পেয়েছে ৭৭টি আসন এবং স্বতন্ত্র ও অন্যরা মিলে ৮টি আসনে জয় পেয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত