ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী
স্ট্রিম ডেস্ক

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী।
দীর্ঘদিন পর প্রতিবেশী কোনো দেশে রাজনৈতিক ব্যক্তিকে দূত হিসেবে নিয়োগ দিয়েছে নয়াদিল্লি। পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন তিনি। ভারত ও বাংলাদেশের সাম্প্রতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে এই নিয়োগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। খবর হিন্দুস্তান টাইমস
পশ্চিমবঙ্গের ব্যারাকপুর থেকে নির্বাচিত সাবেক সাংসদ ত্রিবেদী ভারতের জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ। মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সময় তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী হওয়ার পর তিনি রেলমন্ত্রীর দায়িত্বও সামলান।
২০১২ সালের রেল বাজেটের পর যাত্রীভাড়া বাড়ানোর প্রস্তাবের পর তীব্র বিতর্কের মুখে পড়েন তিনি। পরে তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর চাপের মুখে পদত্যাগ করতে হয় তাঁর।
২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত লোকসভায় এবং বিভিন্ন সময়ে রাজ্যসভায় সদস্য ছিলেন ত্রিবেদী। ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি।
.png)






