ফ্রান্স প্রেসিডেন্টের সফরের মধ্যে সিরিয়ায় বিস্ফোরণ
স্ট্রিম ডেস্ক

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সিরিয়া সফরের মধ্যে দেশটির রাজধানী দামেস্কে দুটি বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবার (৭ জুলাই) টেলিভিশনের ফুটেজে শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।
কাতারের সংবাদমাধ্যম আলজাজিরাকে সিরিয়ার এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, সাধারণ মানুষের চলাচল বেশি এমন এলাকায় বিস্ফোরণ দুটি ঘটেছে। তিনি একে ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ উল্লেখ করে অনেক বেশি হতাহতের আশঙ্কার কথা জানান।
অনলাইনে ছড়িয়ে পড়া এবং আলজাজিরা যাচাই করা ভিডিওতে একটি গাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে। কর্তৃপক্ষ ঘটনাস্থল সংলগ্ন সড়কগুলো বন্ধ করে দিয়েছে।
আলজাজিরার এক সংবাদদাতা জানিয়েছেন, বিস্ফোরণগুলো পর্যটন মন্ত্রণালয়ের কাছে এবং একটি হোটেলের কাছে ঘটেছে। সিরিয়া সফররত মাখোঁর ওই হোটেলে থাকার কথা ছিল।
তবে মাখোঁর কার্যালয় জানিয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকে যাওয়ার পথে তারা বিস্ফোরণের শব্দ শোনেননি। তাঁর সফরও স্বাভাবিকভাবে চলছে।
ঘটনাস্থল থেকে আলজাজিরার সংবাদদাতা ওবাইদা হিট্টো জানান, প্রেসিডেন্ট প্রাসাদে পরিস্থিতি ‘বেশ শান্ত’ রয়েছে।
এর আগের সপ্তাহে দামেস্কের একটি ক্যাফেতে বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত এবং আরও ২০ জন আহত হন বলে জানিয়েছে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।
.png)






