সঠিক পথেই যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: শাহবাজ শরিফ
স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ অবসান আলোচনা ‘সঠিক পথে’ রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার (২৫ মে) বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বৈঠকের আগে এ তথ্য জানান তিনি।
চার দিনেরসফরে বেইজিং পৌঁছে সোমবার লি ছিয়াং এবং পরে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পৃথক বৈঠক করেন শাহবাজ শরিফ।
বৈঠক শুরুর আগে সাংবাদিকদের পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের আলোচনা সঠিক পথেই রয়েছে। চলমান সংঘাতের শান্তিপূর্ণ মীমাংসায় পাকিস্তানের মধ্যস্থতা ইতোমধ্যে ইতিবাচক অগ্রগতি দেখাচ্ছে।’
শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সক্রিয় ভূমিকার প্রশংসা করে শাহবাজ শরিফ জানান, তিনি দুই পক্ষের শীর্ষ নেতৃত্বের সঙ্গেই সার্বক্ষণিক যোগাযোগ করছেন।
সংঘাত নিরসনে মধ্যস্থতার অংশ হিসেবে গত সপ্তাহে তেহরান সফর করে শীর্ষ ইরানি নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন আসিম মুনির।
শাহবাজ শরিফ বলেন, ‘আশা করছি দ্রুত শান্তি ফিরে আসবে। ইতোমধ্যে অনেক দূর অগ্রগতি হয়েছে।’
বৈশ্বিক অর্থনৈতিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানের প্রধানমন্ত্রীও বলেন, যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যের আঞ্চলিক অর্থনীতিই নয়, বরং বিশ্বের অর্থনীতিকেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। দ্রুত বিশ্বজুড়ে শান্তি এবং সাধারণ বাণিজ্যিক কার্যক্রম শুরু করা জরুরি।
মধ্যস্থতায় সমর্থন দেওয়ায় চীনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে শাহবাজ শরিফ বলেন, ‘শান্তি ও সাধারণ ব্যবসা-বাণিজ্য পুনরুজ্জীবিত করতে আমাদের একযোগে কাজ করতে হবে।’
চীন-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এই রাষ্ট্রীয় সফরে গেছেন শাহবাজ শরিফ।
.png)






