জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

ভেনেজুয়েলায় মার্কিন হামলায় নিহত অন্তত ৪০

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

ভেনেজুয়েলার কারাকাসে মার্কিন হামলা। ছবি: এক্স থেকে নেওয়া

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও দেশটির সশস্ত্র বাহিনীর সদস্যরা রয়েছেন। রোববার (৪ জানুয়ারি) নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে ভেনেজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করতে গতকাল শনিবার ভোরে বড় ধরনের সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। রাজধানী কারাকাস ও এর আশপাশের এলাকায় সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, তারা কারাকাসের লা কারলোটা বিমানবন্দরের কাছে ব্যাপক ধোঁয়া ও বিস্ফোরণের ভিডিও ফুটেজ যাচাই করেছে। রাজধানীর পশ্চিমে ক্যাটিয়া লা মার এলাকায় একটি তিনতলা আবাসিক ভবনে বিমান হামলা হয়েছে। এতে ভবনটির দেয়াল ধসে পড়ে। হামলায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধা নিহত ও আরেকজন গুরুতর আহত হন। নিহতের স্বজন উইলম্যান গঞ্জালেজ ধ্বংসস্তূপ থেকে আসবাবপত্র সরানোর সময় এই তথ্য নিশ্চিত করেন।

মার্কিন গণমাধ্যম ও ভেনেজুয়েলার সরকারি সূত্রমতে, কারাকাস ছাড়াও উপকূলীয় রাজ্য মিরান্ডা, আরাগন ও লা গুয়াইরাতে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এর আগেই বেসামরিক ও সামরিক হতাহতের বিষয়টি নিশ্চিত করেছিলেন, তবে সংখ্যা উল্লেখ করেননি।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে জানিয়েছেন, এই অভিযানে কোনো মার্কিন সেনা নিহত হয়নি। তবে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন নিশ্চিত করেছেন, মাদুরোকে তুলে আনার সময় মার্কিন হেলিকপ্টার লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল। তবে সব কটি এয়ারক্রাফট নিরাপদে ফিরে এসেছে।

দুই মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, পুরো অভিযানে অন্তত ছয়জন মার্কিন সেনা আহত হয়েছেন।

Ad 300x250

সম্পর্কিত