
দেশের বাজারে স্বর্ণের দাম ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকায় বিক্রি হবে।
মঙ্গলবার (২ জুন) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস এই সিদ্ধান্তের কথা জানায়। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২১ ক্যারেটের সোনা ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২৫ মে ২২ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা করা হয়েছিল। চলতি বছরে এ পর্যন্ত রেকর্ড ৭০ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে, এর মধ্যে ৩৭ বার দাম বাড়ানো এবং ৩৩ বার কমানো হয়েছে।
সোনার মূল্যের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ১৭৭ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৬৫৭ টাকা করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা করা হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ৪১ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২২ বার দাম বাড়ানো এবং ১৯ বার কমানো হয়েছে।
.png)




-e3d250-256x144.webp)

