চীনের বাজার ধরতে রাজশাহীর রেশম শিল্পের আধুনিকায়ন করা হবে: প্রতিমন্ত্রী
স্ট্রিম সংবাদদাতারাজশাহী

চীনের বাজার ধরতে রাজশাহীর রেশমকে আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম। তিনি বলেন, চীনের বাজারে বাংলাদেশি রেশমের অবস্থান তৈরি করতে আধুনিক প্রযুক্তি, গবেষণা, প্রশিক্ষণ ও উন্নত বিপণন কৌশল নিতে হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজশাহীর বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ‘চীন-বাংলাদেশ কৌশলগত সহযোগিতার আওতায় রেশম চাষ গবেষণা ও উন্নয়ন’ শীর্ষক সম্মেলনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, রেশম চাষের পদ্ধতি উন্নয়ন, তুঁত চাষের প্রসার এবং রেশম সুতার গুণগত মান বাড়ানোর ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। একইসঙ্গে আধুনিক প্রযুক্তি, গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে এই খাতকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শরিফুল আলম বলেন, মানসম্মত রেশম সুতা ও কাপড় উৎপাদনের পাশাপাশি আধুনিক নকশা, প্যাকেজিং, ব্র্যান্ডিং ও বিপণন কৌশল গ্রহণ করতে হবে। এতে রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্ক আন্তর্জাতিক বাজারে শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার সুযোগ তৈরি হবে।
তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বন্ধ রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কারখানা পুনরায় চালুর পাশাপাশি বাজার সম্প্রসারণ ও দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের পরিকল্পনা রয়েছে। রাজশাহীর রেশম শিল্পের উন্নয়নে বিপণন নীতি উন্নয়নের কাজও চলছে।
সম্মেলনে জানানো হয়, ২০১৮ সালে পুনরায় চালুর পর থেকে গত জুন পর্যন্ত সংশ্লিষ্ট কারখানায় ৫৯ হাজার ৪৬৮ মিটার রেশম কাপড় উৎপাদন হয়েছে। বর্তমানে কারখানার নিজস্ব বিক্রয়কেন্দ্রে গরদ শাড়ি, প্রিন্টেড শাড়ি, পাঞ্জাবির কাপড়, বলাকা সিল্কসহ বিভিন্ন রেশম পণ্য বিক্রি হচ্ছে।
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, চীনের ঝেজিয়াং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফ্যাশন ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক অধ্যাপক জু কিউজি, চীন-বাংলাদেশ রেশম গবেষণা কেন্দ্রের প্রকল্প উদ্যোক্তা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক নুসরাত জাহান নিপা প্রমুখ উপস্থিত ছিলেন।
.png)




-e3d250-256x144.webp)

