দুই দিনের টানা দরপতনের পর শনিবার কিছুটা বাড়লেও দেশের বাজারে স্বর্ণের দাম রোববার আবারও দুই দফায় কমেছে।
সর্বশেষ গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) রাতে ভরিপ্রতি প্রায় সাড়ে ৬ থেকে সাড়ে ৪ হাজার টাকা কমিয়ে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুস জানিয়েছে, আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪৫ মিনিট থেকে এই নতুন দর কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে রোববার বিকেলেও আরেক দফায় দাম কমানো হয়েছিল। সেসময় ভরিপ্রতি প্রায় দেড় থেকে ২ হাজার টাকা কমানো হয়েছিল।
তার আগে টানা দাম বাড়ার পর গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই দফায় স্বর্ণের দাম ভরিতে মোট ৩০ হাজার টাকারও বেশি কমেছিল। এরপর শনিবার প্রতি ভরিতে ৪ হাজার ৮২ টাকা বাড়ানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ২৯৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৩৬৫ টাকা কমে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা।
আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।
তবে স্বর্ণের দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। বাজুসের তথ্যমতে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৭ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেটের রুপা ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা অপরিবর্তিত রয়েছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের ওঠানামা ও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনা করেই এই দাম সমন্বয় করা হয়েছে।
চলতি বছরের শুরু থেকেই স্বর্ণের দামে অস্থিরতা দেখা দেয়। এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ১৬ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৯ দফা বাড়ানো এবং ৭ দফা কমানো হয়েছে।