
ইংল্যান্ডের ন্যাশনাল লিগ কাপের শিরোপার জয়ের পথে দারুণ এক জয় পেয়েছে বোরহ্যাম উড। আর সে জয়ে বড় অবদান রেখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত উইঙ্গার ফারহান বিন ওয়াহিদ। বোরহ্যাম উডের মূল একাদশে প্রথমবার সুযোগ পেয়ে গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি। তাঁর দল লিডস ইউনাইটেড অনূর্ধ্ব-২১ দলকে হারিয়েছে ৫-২ গোলে।
ফুলহ্যাম থেকে ধারে বোরহ্যাম উডে যোগ দেওয়া ফারহান শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। বল পায়ে তাঁর গতি, ড্রিবলিং ও বুদ্ধিদীপ্ত পাসিংয়ে চাপে পড়ে লিডসের রক্ষণ।
ম্যাচের ৪১ মিনিটে বাঁ পায়ের শটে গোল করেন তিনি। তাঁর গোলে বোরহ্যাম উড ৩–০ ব্যবধানে এগিয়ে যায়। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ফারহানের নিখুঁত পাস থেকে তারিন আলারাকিয়া বাঁকানো শটে দলের চতুর্থ গোল করেন।
ম্যাচের ৮২ মিনিটে ফারহানের দুর্দান্ত শট ঠেকিয়ে দেন লিডসের গোলরক্ষক কুক। কিছুক্ষণ পর বাঁকানো শটে আবারও গোলের সুযোগ তৈরি করেন ফারহান। তবে তাঁর শট পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে গেলে গোল পাওয়া হয়নি।
ফারহানের পারফরম্যান্সের প্রশংসা করেছে বোরহ্যাম উডও। ক্লাবটির ওয়েবসাইটে বলা হয়েছে, প্রথমবারের মতো মূল একাদশে সুযোগ পেয়েই ফারহান সবার নজর কেড়েছেন। বল পায়ে তাঁর বুদ্ধিদীপ্ত ছোট পাসগুলোও ছিল উপভোগ্য।
ম্যাচ শেষে বোরহ্যাম উডের কোচ লুক গ্যারাডও ফারহানের প্রশংসা করেন। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফারহান আগামী শনিবার ফরেস্ট গ্রিন রোভার্সের বিপক্ষে মাঠে নামবেন।
.png)






-3c3626-256x144.webp)