
দক্ষিণ আফ্রিকা ফুটবল দলের ২৫ বছর বয়সী মিডফিল্ডার জেইডেন অ্যাডামস মারা গেছেন। স্থানীয় সময় শনিবার (১১ জুলাই) সকালে কেপ টাউনের শটশেফ্লুফ এলাকার একটি বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই অংশ নিয়েছিলেন জেইডেন অ্যাডামস। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের কয়েক ঘণ্টা আগে নিজের দাদির মৃত্যুর খবর পেলেও দেশের টানে মাঠে নেমেছিলেন তিনি।
জেইডেনের মৃত্যুতে শোক প্রকাশ করে দক্ষিণ আফ্রিকার ক্রীড়া, শিল্প ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী গেটন ম্যাককেঞ্জি বলেন, ‘আমরা আমাদের সেরা তরুণ প্রতিভাকে হারিয়েছি। তাঁর পরিবারের এই কঠিন সময়ে মিডিয়া ও জনসাধারণকে গুজব ছড়ানো থেকে বিরত থাকতে বিশেষভাবে অনুরোধ করছি। প্রয়োজনীয় তথ্য যথাসময়ে সংশ্লিষ্টদের মাধ্যমে প্রকাশ হবে।’
পুলিশ জানিয়েছে, এই মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
দক্ষিণ আফ্রিকান ফুটবল খেলোয়াড়দের ইউনিয়ন (এসএএফপিইউ) বলেছে, ‘জেইডেন সাহসিকতা, গৌরব ও সাহসের সঙ্গে দেশের আশা-আকাঙ্ক্ষা বহন করেছিলেন। তাঁর চলে যাওয়া দেশের ফুটবল, ক্লাব ও পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।’
২০২২ সালে জাতীয় দলে অভিষেক হওয়া জেইডেন ২০২৩ আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে খেলা দক্ষিণ আফ্রিকা স্কোয়াডের অংশ ছিলেন। ক্লাব ফুটবলে তিনি স্টেলেনবোশ এফসি দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ২০২৫-এ মামেলোডি সানডাউনসে যোগ দেন। এই দলের হয়ে লিগ ও আফ্রিকান চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিলেন জেইডেন।
শোকবার্তায় ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ অভিযানের মাত্র কয়েকদিন পরেই জেইডেনের চলে যাওয়া বেদনাদায়ক। ফিফা এবং বিশ্ব ফুটবল সম্প্রদায়ের পক্ষ থেকে আমি তাঁর পরিবার, বন্ধু ও সতীর্থদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই তারকাকে আমরা সবসময় মিস করব।’
.png)






-3c3626-256x144.webp)