
ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটার স্যার ডন ব্র্যাডম্যানের ১১৮তম জন্মদিন আজ। টেস্ট ক্রিকেটে তাঁর ৯৯ দশমিক ৯৪ ব্যাটিং গড় আজও অনন্য ও অবিস্মরণীয় বিস্ময় হিসেবে টিকে রয়েছে।
১৯০৮ সালের ২৭ আগস্ট অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের কুটামুন্দ্রায় জন্মগ্রহণ করেছিলেন ডোনাল্ড ব্র্যাডম্যান। মাত্র ১২ বছর বয়সে স্থানীয় ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেছিলেন ব্র্যাডম্যান। আর ২১ বছর বয়সে ১৯২৯ সালে প্রথম আন্তর্জাতিক টেস্ট সেঞ্চুরি (১১২) হাঁকান তিনি। ওই ইনিংস দেখে অস্ট্রেলিয়ার রাজনীতিবিদ রবার্ট মেনজিস (পরে দেশের প্রধানমন্ত্রী) ভবিষ্যদ্বাণী করেছিলেন, ‘এই তরুণ আগামী ২০ বছর ক্রিকেট শাসন করবেন।’
দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে ৫২ ম্যাচ খেলে ২৯ সেঞ্চুরি ও ১৩ হাফ-সেঞ্চুরিসহ ৬ হাজার ৯৯৬ রান করেন ব্র্যাডম্যান। তাঁর ব্যাটিং গড় ৯৯ দশমিক ৯৪, যা ক্রিকেটের যেকোনো মানদণ্ডে ধরাছোঁয়ার বাইরে। অন্তত ২০ ইনিংস খেলা কোনো টেস্ট ব্যাটারই তাঁর ধারেকাছে যেতে পারেননি। অধিনায়ক হিসেবেও সর্বোচ্চ ১০১ দশমিক ৫১ গড়ে ৩ হাজার ১৪৭ রান করার বিশ্বরেকর্ড আজও তাঁর দখলে। টেস্টে সর্বোচ্চ ১২টি ডাবল সেঞ্চুরির মালিক তিনি।
এ ছাড়া দ্রুততম ২ হাজার থেকে ৬ হাজার রানের প্রতিটি মাইলফলক সবচেয়ে কম ইনিংসে স্পর্শ করার কীর্তি গড়েন এই অস্ট্রেলীয় তারকা। আইসিসি টেস্ট ব্যাটিং রেটিংয়ে সর্বোচ্চ ৯৬১ পয়েন্ট অর্জনের রেকর্ডও তাঁর।
১৯৩০ সালের অ্যাশেজে ইংল্যান্ডের বিরুদ্ধে একাই ৯৭৪ রান তুলেছিলেন ব্র্যাডম্যান, যার মধ্যে হেডিংলিতে এক দিনেই করেছিলেন ৩০৯ রান। ওই এক সিরিজেই তিনটি ডাবল সেঞ্চুরির বিরল নজির স্থাপন করেন তিনি। ক্যারিয়ারের ২৯ সেঞ্চুরির মধ্যে ১৯টি এবং ৫ হাজারেরও বেশি রান করেছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে।
১৯৪৮ সালে ওভালে তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি ঘটেছিল চরম নাটকীয়তায়। টেস্ট গড় ১০০ পূর্ণ করতে শেষ ইনিংসে মাত্র ৪ রান দরকার থাকলেও লেগ স্পিনার এরিক হলিসের দ্বিতীয় বলেই শূন্য রানে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। ফলে ৯৯ দশমিক ৯৪ গড় নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ডন ব্র্যাডম্যান।
পরের প্রজন্মে ভারতীয় ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকারকে টেলিভিশনে ব্যাট করতে দেখে ব্র্যাডম্যান তাঁর টেকনিক ও কমপ্যাক্ট শট খেলার ধরনে নিজের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছিলেন বলে স্ত্রীকে জানিয়েছিলেন।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং ব্র্যাডম্যানের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে তাঁকে গলফের টাইগার উডস ও জ্যাক নিকলাসের সমকক্ষ এবং সর্বকালের সেরা ক্রীড়াবিদ হিসেবে আখ্যায়িত করেন।
২০০১ সালের ২৫ ফেব্রুয়ারি ক্রিকেটের এই কিংবদন্তি মৃত্যুবরণ করেন। ক্রিকেট বিশ্বে অগণিত রেকর্ডের ভাঙাগড়া চললেও ‘৯৯.৯৪’ গড়ের রেকর্ড ব্র্যাডম্যানকে চিরকাল অনন্য উচ্চতায় রাখবে।
.png)






-3c3626-256x144.webp)