
ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি এবং ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গারফিল্ড সোবার্স মারা গেছেন। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এই তথ্য জানিয়েছে। নিজের ৯০তম জন্মদিনের মাত্র ১১ দিন আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
ব্যাট ও বল হাতে সমান পারদর্শী সোবার্সকে ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হয়। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক ও ধারাভাষ্যকার রিচি বেনো তাঁকে ‘পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার’ এবং স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান তাঁকে ‘তাঁর দেখা সেরা ব্যাটসম্যান’ হিসেবে অভিহিত করেছিলেন।
১৯৩৬ সালে বার্বাডোসে জন্ম নেওয়া সোবার্স কোনো প্রাতিষ্ঠানিক কোচিং ছাড়াই গলির ক্রিকেট খেলে নিজের দক্ষতা গড়ে তুলেছিলেন। মাত্র ১৬ বছর বয়সে ১৯৫৩ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে আত্মপ্রকাশ করেন এবং এর পরের বছরই ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ক্রিকেটে তাঁর অভিষেক হয়।

১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে মাত্র ২১ বছর বয়সী সোবার্সের ৩৬৫ রানের অপরাজিত ইনিংস দীর্ঘ ৩৬ বছর পর্যন্ত টেস্ট ইতিহাসের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের বিশ্বরেকর্ড হিসেবে টিকে ছিল।
১৯৬৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে নটিংহামশায়ারের হয়ে গ্ল্যামরগনের বিপক্ষে এক ওভারে টানা ৬টি ছক্কা হাঁকিয়ে প্রথম পেশাদার ব্যাটসম্যান হিসেবে এই অনন্য কীর্তি গড়েন সোবার্স। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩ টেস্টে ৫৭ দশমিক ৭৮ গড়ে করেছেন ৮ হাজার ৩২ রান এবং ৩৪ দশমিক ০৩ গড়ে নিয়েছেন ২৩৫ উইকেট। এছাড়া ৩৮৩ প্রথম শ্রেণির ম্যাচে ২৮ হাজারের বেশি রান এবং ১ হাজারের বেশি উইকেট শিকার সোবার্সের।
ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৫ সালে তাঁকে নাইটহুডে ভূষিত করা হয় এবং ২০০০ সালে উইজডেন তাঁকে বিংশ শতাব্দীর অন্যতম সেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় স্থান দেয়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাঁর সম্মানে প্রতি বছর বর্ষসেরা পুরুষ ক্রিকেটারকে ‘স্যার গারফিল্ড সোবার্স ট্রফি’ প্রদান করে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
.png)






-3c3626-256x144.webp)